আগরতলা।। সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার আগরতলার সিভিল সেক্রেটারিয়েটে অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য চালু হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের Salary Package Scheme

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল (আইএএস), অতিরিক্ত সচিব ড. আবকিঞ্চন সরকার, যুগ্ম সচিব প্রদীপ মণি বল্লভদার সহ অর্থ দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা, মার্কেটিং বিভাগের আধিকারিক ও ব্যাংকের অন্যান্য প্রতিনিধিরা।

এই সমঝোতার আওতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও প্রভিশনাল সরকারি কর্মচারীরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা (Personal Accident Insurance)-এর সুবিধা পাবেন। এছাড়াও আধুনিক ব্যাংকিং পরিষেবাসহ একাধিক বিশেষ সুবিধা প্রদান করা হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ব্যাংকের মাধ্যমে বেতনপ্রাপ্ত কর্মচারীরা সর্বোচ্চ ২ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভারেজ পাবেন। এই বিমার জন্য কর্মচারীদের কোনও প্রিমিয়াম দিতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এই উচ্চমূল্যের বিমা সুরক্ষার সুবিধা মিলবে।

রাজ্যের সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতেও গ্রাহকমুখী উদ্ভাবনী পরিষেবা ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের উন্নয়নে তারা অঙ্গীকারবদ্ধ থাকবে।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *