আগরতলা।। সরাসরি মানুষের কাছে পৌঁছাতে এবার নতুন ভূমিকায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং সমস্যার দ্রুত সমাধান করতে স্কুটিতে চেপে বিভিন্ন এলাকায় ছুটবেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, স্কুটিটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটি। পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার “সবুজ ও দূষণমুক্ত যানবাহন ব্যবহারের” ডাকে সাড়া দিয়েই মেয়র এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তাঁর সমস্ত রাজনৈতিক ও জনসংযোগমূলক কাজকর্ম এই ইলেকট্রিক স্কুটির মাধ্যমেই করবেন বলে জানিয়েছেন। বুধবার রামনগর বিধানসভা এলাকা দিয়েই শুরু করেন এই কর্মসূচি। রামনগর বিধানসভা এলাকার জনগণের সমস্যাগুলি সরাসরি সমাধান করতেই এই বিশেষ উদ্যোগ।

বুধবার কের চৌমুহনী স্থিত কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে স্কুটি যাত্রার সূচনা করেন মেয়র তথা রামনগর কেন্দ্রের এই বিধায়ক । তিনি জানান, আগামী শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিনি স্কুটি নিয়ে রামনগর এলাকার বিভিন্ন পাড়ায় ঘুরে সাধারণ মানুষের কথা শুনবেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *