আগরতলা: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে রাজ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না, কারণ ইতিমধ্যেই ১০০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজ্যে।
আজ এ কথা জানান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেওয়ার পর এই মন্তব্য করেন।পরে মন্ত্রী রতন লাল নাথ বলেন, আজ একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।তিনি বলেন আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অত্যন্ত সক্রিয় এবং সুপরিকল্পিতভাবে কাজ করছেন। আমাদের দেশ ধান, গম, মাছসহ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণেই তিনি আগাম প্রস্তুতি নিতে এবং সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সতর্ক করতে এই বৈঠক ডেকেছেন।
মন্ত্রী আরও জানান, ত্রিপুরায় এমন পরিস্থিতির সম্ভাবনা কম। আইএমডি ও তাদের মূল্যায়ন অনুযায়ী উত্তর-পূর্বাঞ্চল এবং ত্রিপুরায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হবে।তিনি জানান আমাদের রাজ্যে ইতিমধ্যেই ১০০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। তাই খরার কোনো সম্ভাবনা নেই। তবে এমন পরিস্থিতি তৈরি হলে মোকাবিলার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
খারিফ ফসলের উৎপাদন বাড়াতে বীজ, রাসায়নিক সার ও স্প্রেয়ার সরবরাহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধান, তৈলবীজ ও ডালজাতীয় খরিফ ফসল যেন সমষ্টিগতভাবে চাষ হয়, সেই বিষয়েও উৎসাহ দেওয়া হচ্ছে। জীবনরক্ষাকারী সেচের জন্য সব সেচব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। আমাদের সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
