আগরতলা।। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পুনরায় পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার আগামী ২১ জুন দিন ধার্য করে। এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার এক সাংবাদিক সম্মেলনে পরীক্ষার বিভিন্ন বিষয় সংক্রান্ত নিয়ম তুলে ধরেন।
তিনি জানান আগামী ২১ জুন ২০২৬ তারিখে পশ্চিম ত্রিপুরা জেলার নয়টি সেন্টারে মোট ৪৫০০ ছাত্রছাত্রী এই নিট পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তিনি বলেন এবারের নিট পরীক্ষায় কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে মনিটরিং থাকবে। বিশেষ করে প্রশ্নপত্রের ব্যাপারে হাই সিকিউরিটি অ্যালার্ট জারি থাকবে।
পরীক্ষা কেন্দ্রে রাজ্য স্তরে প্রশাসনিক আধিকারিক সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফকে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে শেষ হবে ৫:১৫ মিনিটে।
পরীক্ষার্থীরা এগারোটা থেকে ১ঃ৩০ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেই ক্ষেত্রে পরীক্ষার্থীরা যাতে ওই সময়ের মধ্যেই প্রবেশ করতে পারে সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ারও আহবান জানান জেলাশাসক। তিনি আরো জানান পশ্চিম ত্রিপুরা জেলা এবং ধলাই জেলা এই দুটি জেলাতে পরীক্ষা গৃহীত হবে।
ডাঃ বিশাল কুমার পরীক্ষা জনিত নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিষয়ে উচ্চ পর্যায়ের নিরীক্ষণ জারি থাকবে বলেও জানিয়েছেন।
