আগরতলা।। রাজ্যবাসীর কল্যাণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর সভাকক্ষে অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের জনকল্যাণ শিবির। বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। তাঁদের উপস্থিতিতে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি ও সরকারি সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন।

পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি এবং প্রাপ্যতা সম্পর্কে মানুষকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।এই জনকল্যাণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ স্থাপন করা এবং সরকারি সুযোগ-সুবিধা দ্রুত ও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শিবিরে আগত বহু মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রয়োজনের কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তাৎক্ষণিক সহায়তা লাভ করেন।এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই সারা ভারতবর্ষে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য এবং জনগণের হিতার্থে সমুদয় প্রকল্প চালু করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সবকা সাত সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন আত্মনির্ভরশীল এক সর্বশ্রেষ্ঠ ভারত তৈরি করা। সেই লক্ষ্যকে সামনে নিয়েই আজকের রাজ্য স্তরে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। যাতে করে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে পৌঁছে দেওয়া যায়।

রাজ্য সরকারের জনমুখী উদ্যোগকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে এই ধরনের জনকল্যাণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন দিশা দেখাবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *