আগরতলা।। ত্রিপুরায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) খাতের বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে TIDCL-এর উদ্যোগে আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হলো মেগা উদ্যম সমাগম ২০২৬। রাজ্যের বিভিন্ন জেলার উদ্যোক্তা, SHG, FPO, স্টার্টআপ, হস্তশিল্পী ও যুবসমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সরকারি প্রকল্প, ঋণ-ভর্তুকি, ডিজিটাল মার্কেটিং, বাজার সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি MSME পণ্যের প্রদর্শনী ও উদ্যোক্তা সম্মাননাও প্রদান করা হয়।উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, পশ্চিম ত্রিপুরা জেলা ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এদিন এ প্রোগ্রামে দপ্তরের পক্ষ থেকে কয়েকটি স্টল খোলা হয় কিন্তু সোমবার দুপুরের হঠাৎ বৃষ্টি এবং দমকা হাওয়ায় কিছুটা ক্ষতি হয় এবং স্টলে যারা উদ্যোগীরা এসেছেন তাদের পন্য সামগ্রীর কিছু ক্ষয়ক্ষতি হয়। মন্ত্রী এবং চেয়ারম্যান তা খতিয়ে দেখেন এবং দপ্তর থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আশ্বাস দেন।

মন্ত্রী সান্তনা চাকমা জানান ত্রিপুরাকে একটি আত্মনির্ভর রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান রাজ্যে বেকার যুবক-যুবতীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য এমএসএমইএর মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঋণ সহায়তা দিয়ে তাদেরকে শিল্পমুখী করার চেষ্টা করছে সরকার। আর তাতে সারাও পাওয়া যাচ্ছে অনেক যুবক-যুবতীরাই নতুন নতুন উদ্যোগ নিয়ে বিভিন্ন প্রকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আত্মনিয়োগ করছেন।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী দিনে যুব সমাজকে শিল্পের প্রতি আকৃষ্ট করে এবং তাদের আত্মনির্ভর করে ত্রিপুরা রাজ্যকে অর্থনৈতিক দিক দিয়ে একটি সমৃদ্ধশালী ত্রিপুরা গঠন করার উদ্যোগ বাস্তবায়িত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *