আগরতলা।। রাজধানীর ইন্দ্রনগর এলাকায় গত মাসের ২৯ তারিখে এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার পর চলতি মাসের ৪ তারিখে এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দ্রুত অভিযান চালায় পুলিশ।
এরপর গতকাল ইন্দ্রনগর কবরখোলা এলাকা থেকে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।এই বিষয়ে এনসিসি থানার মহাকুমা পুলিশ আধিকারিক সুব্রত বর্মন এক সাংবাদিক বৈঠকে জানান, পুরো ছিনতাই চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
