আগরতলা।।আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলার বেনুবন বিহারে ধর্মীয় আবহে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। শান্তি, অহিংসা ও মানবতার বার্তাবাহক গৌতম বুদ্ধ-র ২৫৭০তম আবির্ভাব তিথি আজ। বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের লুম্বিনীতে তাঁর জন্ম—এমনটাই প্রচলিত বিশ্বাস।
সকাল থেকেই বিহার প্রাঙ্গণে ভক্তদের ভিড়, চলছে প্রার্থনা, ধ্যান ও ধর্মীয় আচার। রাজপুত্র সিদ্ধার্থ থেকে সন্ন্যাস গ্রহণ করে বুদ্ধত্ব লাভ—তাঁর জীবনদর্শন আজও মানব সমাজকে পথ দেখায়। দয়া, করুণা ও সহাবস্থানের বাণীই এই দিনের মূল বার্তা।
বিশেষ শোভাযাত্রা ও ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শান্তি ও সম্প্রীতির এক বিশ্বজনীন আহ্বান।
