ধর্মনগর।। আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার আরও তীব্র হয়ে উঠছে। এরই প্রেক্ষিতে রবিবার ধর্মনগর থানা সংলগ্ন এলাকায় ৫৬ নং মণ্ডলের উদ্যোগে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী এবং বিজেপি নেতা বিশ্বজিৎ দেবসহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা।সভায় বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল রাজ্যের বিরোধী দল সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি সিপিএম শাসনামলের সময়কার বিভিন্ন বিষয় তুলে ধরে রাজ্যে উগ্রপন্থী সমস্যা, আইন-শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যু নিয়ে সমালোচনা করেন।
পাশাপাশি বর্তমান বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন এবং আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।অন্যদিকে, প্রার্থী জহর চক্রবর্তীও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রেখে উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
পথসভাকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী আবহকে আরও উজ্জীবিত করে তোলে।
