আগরতলা :ফের আরো আগরতলা শহরে বেআইনিভাবে দখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের স্ব উদ্যোগে উঠে যাওয়ার আবেদন রাখলেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন কোন মতেই বেআইনি দখল দারদের বরদাস্ত করা হবে না।
পাশাপাশি এদিন তিনি ভেন্ডারদের উদ্দেশ্যে বলেন, রাত এগারোটার পর রাস্তায় তাদের দোকান থাকলে তা উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এ ধরনের অভিযান বছরব্যাপী চলবে বলেও তিনি জানান। শনিবার মেয়র দীপক মজুমদার জ্যাকসন গেইট সংলগ্ন এলাকা পরিদর্শন করে একথা বলেন। প্রসঙ্গত, জ্যাকসন গেইট সংলগ্ন সরকারি জায়গায় ব্যবসা করা দোকান ঈদের অনেকদিন আগেই নোটিশ ইস্যু করা হয়েছিল সেই জায়গা খালি করে দেওয়ার জন্য। যারা এখনো সেই জায়গা খালি করেননি তাদের দোকান নিগমের উদ্যোগে ভেঙে ফেলা হচ্ছে। যদিও অপরদিকে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করেছে আগরতলা পুর নিগম।
মেয়র দীপক মজুমদার আরো জানান, সরকারি ওই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করার ফলে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। নেতাজি চৌমুহনীর কিছু বেআইনি ব্যবসায়ীদের তাদের দোকান সরানোর নোটিশ দেওয়া হয়েছে। মেয়র বলেন, যারা পুর নিগমের কথা শুনে দোকান সরিয়ে নিচ্ছেন, তাদের ব্যবস্থা করা হচ্ছে। আর যারা বিভিন্ন রাজনৈতিক দল ধরে নিগমের কথা মানছেন না এবং আদালতে যাচ্ছেন। অথচ আদালত এই বেআইনি ব্যবসায়ীদের বলে দিয়েছে সরকারি জায়গা থেকে উঠে যেতে হবে।
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্মার্ট সিটি মিশন, নগর উন্নয়ন দপ্তর আগরতলা শহরকে অভিনব সৌন্দর্যায়নে সুন্দর করে গড়ে তোলার কাজ হাতে নিয়েছে। এখানে যদি কেউ নাগরিক পরিষেবা এবং সৌন্দর্যায়নে বাধা সৃষ্টি করে তা কোন মতেই পুর নিগম বরদাস্ত করবে না।
