আগরতলা : আগরতলা পুর নিগম-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শহরের দুইটি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার আয়োজিত এই মানবিক উদ্যোগে অংশ নেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার।
২ নম্বর ওয়ার্ডে কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এদিন ১ নম্বর ওয়ার্ডেও একইভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। সেখানেও উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন মেয়র দীপক মজুমদার। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতপ্রবণ এই সময়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুর নিগমের বর্ষপূর্তি উপলক্ষে সমাজমুখী কর্মসূচির মাধ্যমে জনসংযোগ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কর্মসূচিতে দুই ওয়ার্ডের বহু মানুষ অংশ নেন। শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষেরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
