আগরতলা : সোমবার সকালে সিপাহীজলা জেলার উত্তর কলমচৌড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গিয়ে চরম উত্তেজনার মুখে পড়ে আসাম রাইফেল ও বিএসএফ-এর যৌথ বাহিনী। অভিযানের সময় সংঘবদ্ধ গাঁজা চাষিরা ধারালো অস্ত্র, ইট ও পাটকেল নিয়ে চারদিক থেকে যৌথ বাহিনীর জওয়ানদের ঘেরাও করে আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, আচমকা এই আক্রমণে চারজন আসাম রাইফেল জওয়ান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে যৌথ বাহিনী সংযম বজায় রাখার চেষ্টা করে। কিন্তু আক্রমণ অব্যাহত থাকায় বাধ্য হয়ে বিএসএফ ও আসাম রাইফেলের জওয়ানরা আত্মরক্ষার্থে শূন্যে প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়েন। তবুও উত্তেজিত গাঁজা চাষিরা পিছু হটেনি বলে অভিযোগ। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় যৌথ বাহিনী অভিযান স্থগিত রেখে এলাকা ছেড়ে আসে এবং আহত জওয়ানদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে গাঁজা চাষিদের শুকনো গাঁজা সংগ্রহ ও ঘরে তোলার সময় চলছে। এই গুরুত্বপূর্ণ পর্যায়ে যাতে তাদের মজুত গাঁজার উপর আইনশৃঙ্খলা বাহিনীর হাত না পড়ে, সেই উদ্দেশ্যেই তারা সংঘবদ্ধভাবে যৌথ বাহিনীর উপর আক্রমণ চালানোর দুঃসাহস দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাঁজা চাষ ও মাদক বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর উপর এই ধরনের সংঘবদ্ধ হামলা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এদিকে, এদিনের অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও পর্যালোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *