আগরতলা: প্রত্যেকটি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। আর গদি আঁকড়ে রাখা ও গদি পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলছে এখন। তাই আসন্ন নির্বাচনে এডিসিতে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার গড়ার জন্য সংকল্প নিতে হবে।
আজ এডিসির সদর কার্যালয় খুমুলুং এ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ এই সভায় ভারী মাত্রায় মা বোনেদের উপস্থিতি দেখে আমি খুবই আপ্লুত। আগামীতে এডিসিতে কি হতে যাচ্ছে আজকের সভা থেকে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। আমাদের সরকার আসার পর কেন্দ্রে ও বিভিন্ন রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার বা এনডিএ সরকার রয়েছে সেগুলিতে কিভাবে সরকার চালাতে হয় সেটা প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ম্যা চৌকিদার হু, ম্যা খুদ ভি নেহি খায়ুঙ্গা, অর দুসরে কো ভি খানে নেহি দুঙ্গা। এমনই একটা সুন্দর পরিবেশ সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের রাজ্যেও প্রতিষ্ঠিত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় আমরা দেখেছি কিভাবে শুধু মানুষকে বিভ্রান্ত করা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকতো। গদিতে যাতে বসে থাকা যায় সেজন্য উগ্রপন্থীর সৃষ্টি করেছিল। এই উগ্রপন্থার কারণে দেশের বিভিন্ন জায়গায় যেখানে উগ্রপন্থা ছিল সেখানে উন্নয়ন হয়নি। ভারতীয় জনতা পার্টি এসব বিপথগামীদের মূলস্রোতে নিয়ে এসেছে। তাই দেশ ও রাজ্যের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। শান্তি বজায় না থাকলে উন্নয়ন সম্ভব নয়। আমাদের সরকার আসার পর উন্নয়নের উপর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা উন্নয়ন করতে জানি। আর প্রতিটি ঘরের ভেতর প্রতিটি মানুষের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে আমাদের সরকার।
সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, আজকাল এক অদ্ভূত অবস্থা প্রত্যক্ষ হচ্ছে। কিভাবে গদি আঁকড়ে রাখা যায়, কিভাবে আগামীদিনে গদি আবার পাওয়া যায় - এর একটা প্রতিযোগিতা চলছে। এক এক সময় একেক রকম কথা বলছেন! বলছেন - উনারাও ২৮টা চান। আর তারাও ২৮টা চান। তাহলে মোট ৫৬টা হলো। কি সব অদ্ভূত অদ্ভূত কথাবার্তা বলছেন! ডাঃ সাহা বলেন, আজ পুর এলাকায় অবৈধভাবে যারা বসেছিল, তাদের উচ্ছেদ করা হয়েছে। জনসাধারণের অসুবিধা হচ্ছিল। তাদেরকে পুনর্বাসনের বিষয় নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। কিন্তু এনিয়ে কি বলা হচ্ছে? এনিয়েও দ্বিচারিতার আশ্রয় নেওয়া হচ্ছে। নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে। তৎকালীন সময়ে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মা বোনেদের উপর অত্যাচার করা হয়েছে। এরপরও তারা বড় বড় কথা বলেন।
এদিন এই সভা থেকে হুশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, বৈধ অনুমোদন ছাড়া আইন বহির্ভূত অনেক কিছুই হচ্ছে এডিসিতে। একের পর এক মিথ্যাচারের পর্দাফাঁস হচ্ছে। আমাদের কাছে সব খবর রয়েছে, সঠিক সময়ে সবকিছু প্রকাশ করা হবে। আমরা লক্ষ্য করেছি যে কোনো নিয়ম না মেনে অনৈতিকভাবে নতুন ভিলেজ কমিটি তৈরি করে ভিলেজ কমিটি নির্বাচনে আইনি বাধা তৈরি করা হয়েছিলো, আর আজ সেটা বাতিল করতে বাধ্য হয়েছে।
ডাঃ সাহা বলেন, প্রস্তাবিত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকা নিয়ে বিভ্রান্তি তৈরি করে অনেক রাজনৈতিক স্টান্ট করা হয়েছে। কিন্তু জনগনের সামনে এখন সত্য উন্মোচিত হয়েছে। এই সব নেতিবাচক রাজনীতিকে দুরে সরিয়ে এডিসি'র নাগরিকদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করবে বিজেপি। তাই এডিসিতে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার গড়ার জন্য সংকল্প নিতে হবে।
এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির সিপাহীজলা জেলার সভাপতি বিপ্লব চক্রবর্তী, টাকারজলা মন্ডলের সভাপতি নির্মল দেববর্মা, মান্দাই মন্ডলের সভাপতি অভিজিত দেববর্মা, এডিসি সদস্য সঞ্জিত রিয়াং সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তাগণ।
