আগরতলা।। পৌরনিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। আগামী শুক্রবার রাজ্যের বিভিন্ন পৌরনিগম ও নগর পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন।
আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেল ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম বিতরণের কাজ।রাজধানীর উমাকান্ত ময়দান থেকে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে পাঠানো হয় EVM এবং ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। নির্ধারিত সময়ে যাতে সমস্ত ভোটকর্মী নিজ নিজ কেন্দ্রে পৌঁছে নির্বাচনের দায়িত্ব গ্রহণ করতে পারেন, সেদিকে রাখা হয়েছে বিশেষ নজর।
নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। ভোটকর্মীদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যেই চলছে এই তৎপরতা।
এদিন উমাকান্ত ময়দান থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডাঃ বিশাল কুমার।সব মিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনিক তৎপরতা। এখন প্রশাসনের মূল লক্ষ্য, নির্ধারিত দিনে নির্বিঘ্নে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা।
